নতুন কর্মসূচি নিয়ে ফের রাজপথ প্রকম্পিত করবে হেফাজত

দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম ফের রাজপথে নামছে। কর্মসূচি নির্ধারনে আজ শনিবার চট্টগ্রামে প্রায় ৪ হাজার আলেম-ওলামা, পীর-মাশায়েখের অংশগ্রহণে ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করছে অরাজনৈতিক এ সংগঠনটি। ফটিকছড়ি উপজেলার জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় দিনব্যাপী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর আহবানে দেশের বিভিন্ন জেলা থেকে শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণ ইতোমধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছেন। আজকের এই সমাবেশ থেকে রাজপথে জোড়দার আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে নেতারা আভাস দিয়েছেন।
হেফাজতে ইসলামের মুখপাত্র, সাহিত্য সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শনিবার (আজ) সকাল ১০টা থেকে ওলামা মাশায়েখ সম্মেলন শুরু হবে। সম্মেলনে সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।’
শাপলা চত্বরে রাতে আঁধারে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের পরদিন উল্টো হেফাজতে ইসলামের নেতাদের নামে অসংখ্য মামলা দেয়া হয়। ওই মামলায় গ্রেফতার করে হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ অনেক নেতাকর্মীদের উপর চালানো হয় অবর্ণনীয় নির্যাতন। এখনও সারা দেশে শত শত নেতাকর্মী মামলার হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এই প্রেক্ষাপটে সারা দেশের হেফাজত নেতারা আল্লামা শাহ আহমদ শফীর সাথে দেখা করে জোড়ালো আন্দোলনের ঘোষণা দেয়ার দাবি করেন। তবে আল্লামা শফী তৃণমূল নেতাদের চরম ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন।
বিগত কয়েক মাসে সাংগঠনিকভাবে হেফাজতে সুসংহত করা হয়েছে। যেসব জেলা উপজেলায় হেফাজতের কোন কমিটি ছিল না সেখানে কমিটি গঠন করা হয়েছে। নেতারা এলাকা সফর করে সংগঠনকে সক্রিয় করার কাজ করেছেন।
advertise
advertise
advertise