কমিটিতে রদবদল হয়নি, অপপ্রচারে কান দেবেন না : হেফাজত

হেফাজতে ইসলামের কমিটিতে কোনো রদবদল হয়নি বলে জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ২১ সেপ্টেম্বরের ওলামা-মাশায়েখ সম্মেলনে ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি প্রণয়ন নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি আগের সাংগঠনিক কমিটি বহাল রেখে সংগঠনের কর্মতত্পরতা আরও গতিশীল করার জন্য কেন্দ্রীয় শূরা কমিটি ও

একটি উপ-কমিটি গঠন করা হয়। ওই সম্মেলনে হেফাজতে ইসলাম থেকে কাউকে বহিষ্কার করা বা কোনো ব্যক্তিবিশেষকে বাদ দিয়ে কমিটি গঠনের কোনো বিষয়ই আলোচনায় ছিল না। সুতরাং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও সংবাদ পরিবেশনের কোনো অবকাশ নেই।
ওলামা-মাশায়েখ সম্মেলনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য তিনি পত্রপত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আল্লামা শফী বলেন, ইসলামবিদ্বেষী ও নাস্তিক্যবাদী শক্তি হেফাজতে ইসলামের বৃহত্ ঐক্য ও অগ্রযাত্রায় ভীত হয়ে ওলামা-মাশায়েখ এবং তৌহিদি জনতার ঐক্যকে বিনষ্ট করার জন্য নানা চক্রান্ত ও অপপ্রচার চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
তিনি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও তৌহিদি জনতার প্রতি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে ও বিদেশে ইসলামবিরোধী ও নাস্তিক্যবাদী শক্তি দিন দিন তাদের অবস্থান জোরদার করছে। সুতরাং এদের মোকাবিলায় ঈমান-আকিদা ও দ্বীন-ইসলামের সুরক্ষায় ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার ঐক্যকে সুদৃঢ় রাখতে আমাদেরকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। 
বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলামে ভাঙন ধরেছে বা অনৈক্য তৈরি হয়েছে, এমন সংবাদ পরিবেশনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
আল্লামা শফী বলেন, হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়ন হলে দেশে এমন বর্বর আচরণের দুঃসাহস কেউ দেখাতে পারত না। তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি ও নিরাপত্তা বিধানে অবিলম্বে ১৩ দফা দাবি বাস্তবায়ন করে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।