হেফাজতের কমিটি : অপপ্রচারের প্রতিবাদ মুফতি ফয়জুল্লাহর

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম ও ইসলামী ঐকজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল এক বিবৃবিতে বলেছেন, কয়েকদিন ধরে দেশের কয়েকটি আওয়ামী লীগের ভাড়াটে দালাল মিডিয়া তাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে নেমেছে। হেফাজতে ইসলামের জন্মলগ্ন থেকেই এর আন্দোলন সংগ্রামে ব্যক্তিগত ও দলগতভাবে সম্পৃক্ত রয়েছি।
এ কারণে বর্তমান ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের রোষানলে আমাকে পড়তে হয়েছে। আমার নামে প্রায় অর্ধশত মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। শুধু তাই নয়, সরকার তার দায়িত্বশীল মন্ত্রী-এমপি এবং ব্যক্তিদের দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি জীবন নাশের হুমকি পর্যন্ত অব্যাহত রেখেছে। এই কাজে উদ্দেশ্য হাসিলে সরকার ব্যর্থ হয়ে হেফাজতে ইসলামের আন্দোলনে সম্পৃক্ত কিছু ব্যক্তিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে অপপ্রচারে নেমেছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার চট্টগ্রামের বাবুনগরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের উলামা সম্মেলনকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে। 
মুফতি ফয়জুল্লাহ বিবৃতিতে আরও বলেন, বাবুনগরে অনুষ্ঠিত হেফাজতের উলামা-মাশায়েখ সম্মেলনে যখন স্পষ্ট ঘোষণা করা হয়েছে, হেফাজতে ইসলামের পূর্বের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি বহাল আছে। তাতে কোনো ধরনের রদবদল করা হয়নি। সম্মেলন শেষে কোনো ধরনের তথ্য ও ভিত্তি ছাড়াই তারা গণমাধ্যমের সামনে প্রচার করেছে যে, আমাকে ও হেফাজতের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দীন রুহীকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। বেশ কয়েকটি আওয়ামী লীগের দালাল মিডিয়া কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এ সংবাদকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে হেফাজতের অভ্যন্তরে ভাঙনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, সম্মেলনে ২৫ সদস্যবিশিষ্ট যে উপকমিটি গঠন করা হয়েছে, তা নতুন সংযোজন। তাতে কারও নাম না থাকলে বাদ পড়ে যাওয়ার প্রশ্ন আসে কোথায়? তাহলে তো নায়েবে আমির মাওলানা আহমদুল্লাহ আশরাফ, মাওলানা আবদুল লতিফ নেজামী, মুফতি ওয়াক্কাস মাওলানা মুহাম্মদ ইসহাক, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষস্থানীয় অনেক উলামাকেই এ কমিটিতে রাখা হয়নি। তাহলে কি বলা যাবে এসব শীর্ষস্থানীয় আলেমদের বাদ দেয়া হয়েছে। মুফতি ফয়জুল্লাহ দেশের গণমাধ্যমগুলোকে সঠিক সংবাদ প্রকাশের প্রতি আহ্বান জানান।

By Thanks;https://www.facebook.com/anmahmad.ullah
https://www.facebook.com/yasirdonbd