আমার দেশ দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দি-মাওলানা আহমাদুল্লাহ আশরাফ
খেলাফত আন্দোলন আমীরে শরীয়ত, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি অযৌক্তিক কারণে বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে সংবিধান লঙ্ঘন করে মিডিয়ার স্বাধীনতা হরণ করে সরকার চরম ধৃষ্টতা দেখিয়েছে। গণতন্ত্রের এ দাবিদাররা আজ গণতন্ত্রকে হত্যা করছে। বর্তমান সরকার দেশকে জুলুমের রাজ্যে পরিণত করেছে। দেশের জনগণের নাগরিক, মৌলিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নেই। সত্য কথা লিখলে বা বললে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন।
গতকাল শনিবার বিকালে কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় খেলাফত আন্দোলনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আবুল কাসেম কাসেমী ও হাফেজ মাওলানা আবু তাহের প্রমুখ।
মাওলানা আশরাফ আরো বলেন, আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি ইসলাম ও জনগণের পক্ষে এবং দুর্নীতিবাজ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছে তাই এ মিডিয়াকে সরকার বন্ধ করে দিয়েছে। তিনি আমার দেশের সৎ সাহসী সম্পাদক মাহমুদুর রহমান বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার এবং আমার দেশ পত্রিকা, দিগন্ত টিভি, ইসলামিক টিভি অবিলম্বে খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠলে সরকার অচল হয়ে যাবে। ইসলাম ও দেশ রক্ষায় দেশবাসী আবার ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করবে। হামলা-মামলা নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, সরকারের ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে নিরপেক্ষ, বস্তুনিষ্ট, সংবাদ পরিবেশনকারী মিডিয়াগুলো বন্ধ রেখেছে। সাংবাদিক নির্যাতন, পত্রিকার সম্পাদক গ্রেফতার, মিডিয়া বন্ধ করে দেয়া গণতন্ত্র হত্যাকারী, বাকশালী প্রেতাত্মাদের কাজ। -প্রেস বিজ্ঞপ্তি।