আল্লামা শফীর বিশেষ দোয়া মোনাজাত

হামলা-মামলায় ধৈর্যধারণ ও বাবুনগরীর মুক্তির জন্য আল্লামা শফীর বিশেষ দোয়া মোনাজাত
চট্টগ্রাম ব্যুরো : হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের উপর অন্যায়-অবিচার, হামলা-মামলায় সর্বোচ্চ ধৈর্যধারণ ও সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে গতকাল (শনিবার) বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেশের শীর্ষস্থানীয় প্রবীণ আলেমে দ্বীন হেফাজতে ইসলামের আমীর এবং দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আহমদ শফী। মোনাজাতে হাজার হাজার ওলামা-মাশায়েখ, মাদ্রাসা ছাত্র ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।মোনাজাতে আল্লামা শাহ্ আহমদ শফী হৃদয়ের গভীর আকুতি নিয়ে উলামা-মাশায়েখসহ দেশের মানুষের সকল প্রকার জুলুম-অত্যাচার ও হামলা-মামলায় ধৈর্যধারণ এবং দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নতি-অগ্রগতি ও নিরাপত্তা রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহতায়ালার দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ! আপনি এই জাতিকে হেফাজত করুন।
সকল প্রকার জুলুম-অত্যাচার, মিথ্যা মামলা ও হামলা থেকে ওলামা-মাশায়েখ, তৌহিদী জনতা ও দেশবাসীকে রক্ষা করুন। যাবতীয় আপদ-বিপদ ও বালা-মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। হিংসা হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করে দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে দিন। মানুষের আয়-উন্নতি ও রোজগার বাড়িয়ে দিন। দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে রাখুন। মানুষের জানমালের নিরাপত্তার হেফাজত করুন। হে আল্লাহ! মাওলানা জুনায়েদ বাবুনগরীকে মিথ্যা মামলা-মোকাদ্দমা থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে এনে দিন। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তার উপর জুলুম করা হচ্ছে। হে আল্লাহ, আপনি গায়েবীভাবে মুসলমানদের সকল সমস্যার সমাধান করে দিন। আল্লামা শাহ্ আহমদ শফী মুনাজাতে আরও উল্লেখ করেন, হে আল্লাহ! দেশের অনেক মানুষ এমনিতেই নানা দুর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে-না খেয়ে জীবনাতিপাত করছেন। হাজারো সমস্যায় দেশ বর্তমানে জর্জরিত। হে আল্লাহ! আপনি এই জাতির উপর নতুন আর কোন দুর্যোগ পতিত করবেন না। এ সময় দারুল উলূমের প্রধান মসজিদে অবস্থানকারী মোনাজাতরত হাজার হাজার ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার মাঝে ‘আমীন আমীন’ রবে কান্নার রোল পড়ে যায়।মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত বয়ান শেষে আল্লামা শাহ্ আহমদ শফী বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মোনাজাত শুরু করেন। তিনি দেশের আলেম সমাজের প্রতি সকল প্রতিকূলতায় ছবর তথা ধৈর্য্যধারণের উপর গুরুত্বারোপ করে বলেন, যারা মজলুম এবং যারা ধৈর্যধারণ করে, আল্লাহ তাদের সাথেই থাকেন। তারা কখনো বিফল হবেন না। আল্লামা আহমদ শফীর সাথে বাংলাদেশ খেলাফত নেতৃবৃন্দের সাক্ষাতবাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ আহমদ শফী সাহেবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বর্তমান পরিস্থিতি অবহিত করেন। সাক্ষাতকালে আল্লামা আহমদ শফী ৫ মে শাপলা চত্বরে যৌথবাহিনীর হামলায় সারাদেশের নিহত ও আহত পরিবারের লোকজনকে ধৈর্য্যধারণ করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, সারাদেশে আলেম ওলামাদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে হয়রানি নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর, যুগ্ম মহসাচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী।